আমরাও তার দেইখা নিব,
দেইখা নেওয়া লাযেম যেটা।
প্রতিশ্রুত দিনের হিসেব-
জুলুম-রাজের পাহাড় যখন
তুলোর মতোন উইড়া যাবে,
মজলুমেদের পায়ের তলায়
দুইনাদারি নইড়া যাবে।
রাজার মাথায় পড়বে যখন
আপন ভুলের বিজলি ছটা,
আমরাও তার দেইখা নিব-
দেইখা নেওয়া লাযেম যেটা।
জমিন-খোদার কাবা থেকে
সবগুলা ভূত তাড়াই দিয়ে,
আমরা যারা দু:স্থ আছি-
মসনদে তার বসব গিয়ে।।
মুকুটগুলো ছিন্ন হবে,
ডুইবা যাবে রাজার ভিটা।
আমরাও তার দেইখা নিব,
দেইখা নেওয়া লাযেম যেটা।
খোদার নামটা রাখব শুধু,
গায়েব-হাযের দুটোই যেজন।
সাচ্চা খোদার নাম লব তাই-
তুলব তারই সাচ্চা ভজন।
থাকবে কেবল দ্রষ্টা যিনি,
খোদা যিনি দৃশ্যালোকের।
আমরাই হবো আপন খোদা,
শোর জাগাব আ’নাল হকের।
সাচ্চা আমি, সাচ্চা তুমি,
মাখলুকেতে সাচ্চা যত-
শাসন হাতে ফিরবে তাদের,
সাচ্চা যারা খোদার মতো।
আমরাও সব দেইখা নিব,
দেইখা নেওয়া লাযেম যেটা।
প্রতিশ্রুত দিনের হিসেব-
নসিবখাতায় যেমন ঘটা।

বহুস্বর বৈচিত্র্যময় সংস্কৃতির বিকাশে নিবেদিত পোর্টাল। দেশ-বিদেশের সকল সংস্কৃতির সহাবস্থানসহ সাংস্কৃতিক সংহতিতে বহুস্বর প্রতিজ্ঞাবদ্ধ।
277/5 Shaheed Janani Jahanara Imam Smarani (Katabon Dhal), New Market, Dhaka–1205.
Bohuswar © 2025. All Rights Reserved.