Homeকবিতাফয়েজ আহমেদ ফয়েজের উর্দু কবিতা ‘হাম দেখেঙ্গে’-এর কাব্যানুবাদ

ফয়েজ আহমেদ ফয়েজের উর্দু কবিতা ‘হাম দেখেঙ্গে’-এর কাব্যানুবাদ

2

আমরাও তার দেইখা নিব,

দেইখা নেওয়া লাযেম যেটা।

প্রতিশ্রুত দিনের হিসেব-

নসিবখাতায় যেমন ঘটা।

জুলুম-রাজের পাহাড় যখন

তুলোর মতোন উইড়া যাবে,

মজলুমেদের পায়ের তলায়

দুইনাদারি নইড়া যাবে।

রাজার মাথায় পড়বে যখন

আপন ভুলের বিজলি ছটা,

আমরাও তার দেইখা নিব-

দেইখা নেওয়া লাযেম যেটা।

জমিন-খোদার কাবা থেকে

সবগুলা ভূত তাড়াই দিয়ে,

আমরা যারা দু:স্থ আছি-

মসনদে তার বসব গিয়ে।।

মুকুটগুলো ছিন্ন হবে,

ডুইবা যাবে রাজার ভিটা।

আমরাও তার দেইখা নিব,

দেইখা নেওয়া লাযেম যেটা।

খোদার নামটা রাখব শুধু,

গায়েব-হাযের দুটোই যেজন।

সাচ্চা খোদার নাম লব তাই-

তুলব তারই সাচ্চা ভজন।

থাকবে কেবল দ্রষ্টা যিনি,

খোদা যিনি দৃশ্যালোকের।

আমরাই হবো আপন খোদা,

শোর জাগাব আ’নাল হকের।

সাচ্চা আমি, সাচ্চা তুমি,

মাখলুকেতে সাচ্চা যত-

শাসন হাতে ফিরবে তাদের,

সাচ্চা যারা খোদার মতো।

আমরাও সব দেইখা নিব,

দেইখা নেওয়া লাযেম যেটা।

প্রতিশ্রুত দিনের হিসেব-

নসিবখাতায় যেমন ঘটা।